
নিউজ ডেস্কঃ করোনা মহামারি ও বন্যার কারণে কয়েক দফা পেছানোর পর শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তবে তার আগে সকাল থেকেই কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে আসেন অভিভাবকরাও। সোমবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে দিয়ে বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড়ের কারণে ঢাকার বেশ কয়েকটি সড়কে দেখা গেছে তীব্র যানজট। এরমধ্যে ফার্মগেইট, ধানমন্ডি, চানখাঁরপুল, ঢাকেশ্বরী, আজিমপুর সড়কে যানজট বেশি দেখা গেছে। রাজধানীর পুরান ঢাকার মো. ইয়াসির রহমান বলেন, ছেলে পরীক্ষা দিচ্ছে। যানজটের ভয়ে অনেক আগেই কেন্দ্রে এসেছি। নারায়ণগঞ্জ থেকে ছেলেকে নিয়ে আজিমপুরে আসা শরিফা বেগম বলেন, পরীক্ষা বেলা ১১টায়, কিন্তু যানজট থাকার কারণে সকাল ৮টায় রওনা দিয়েছি। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবার যানজট এড়াতে এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়। এছাড়া প্রশ্নফাঁসের গুজবে পরীক্ষার্থীরা যেন প্রভাবিত না হয়, সেজন্য পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে আগেই জানায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তাই সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে উপস্থিত হন পরীক্ষার্থীরা।