
নিউজ ডেস্কঃ মাসব্যাপী চলমান মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ১৯টি মামলায় মোট ৯ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় ৭টি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) এই অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হয়। ডিএনসিসির সব অঞ্চলেই একযোগে এই অভিযান পরিচালনা করেছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নভেম্বর মাস জুড়ে এই অভিযান পরিচালনা করা হবে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতাধীন ২৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৮টি মামলায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে সচেতন ও সতর্ক করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।