
নিউজ ডেস্কঃ ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান যখন অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নেন, তার অনুগত সৈনিকদের হাতে প্রথম প্রকাশ্যে হত্যার শিকার হন সেক্টর কমান্ডার খালেদ মোশারফ, এটি এম হায়দার ও সাব সেক্টর কমান্ডার খন্দকার নাজমুল হুদা। এই দিনটি কেন্দ্র করে ১৯৭৬ সালের ২১ জুলাই স্বাধীন দেশে প্রথম ফাঁসিতে মৃত্যুবরণ করেন আরেকজন সেক্টর কমান্ডার। এছাড়া সেনাবাহিনীর ভেতরে ১৩ জন হত্যার শিকার হন। জিয়াউর রহমানের শাসনামলে সশস্ত্র বাহিনীতে হাজার হাজার সৈনিক হত্যাকাণ্ড ঘটে। জিয়া হত্যার ঘটনায় প্রহসনমূলক বিচারে ফাঁসি দেওয়া হয় ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে। হত্যাকাণ্ডের শিকার এসব মুক্তিযোদ্ধা সন্তানরা সেসময়ের ঘটনা নিয়ে তদন্ত কমিশন গঠন ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন। একইসাথে জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিও করেছেন। সোমবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের আয়োজনে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’র আলোচনা সভায় তারা এ দাবি করেন। শহীদ সার্জেন্ট দেলোয়ার হোসেনের সন্তান নুরে আলম বলেন, আমার বাবার খুনি জিয়া। জিয়াউর রহমান আমার বাবাসহ হাজার মুক্তিযোদ্ধা কর্মকর্তা-সৈনিকদের হত্যাকারী। আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে। অথচ আমাদের পরিবারকে চিঠি পাঠানো হয়েছে তিনি জেলে আছেন। কিসের মানবাধিকারের কথা বলে বিএনপি, তখন কোথায় ছিল মানবাধিকার? এ সময় হত্যাকাণ্ডগুলো নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি করেন নুরে আলম।