
নিউজ ডেস্কঃ গ্রাহকদের কাছ থেকে পাওনা আদায়ে অভিযান পরিচালনা করেছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। সোমবার (০৭ নভেম্বর) রাজধানীর মিরপুর এবং মোহাম্মদপুর এলাকার পরিচালিত অভিযানে ২২ লাখ টাকা আদায় করা হয়েছে। তিতাস সূত্রে জানা যায়, গ্রাহকদের কাছে তিতাসের বকেয়া রয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। এর মধ্যে ধানমন্ডি আবাসিক এলাকাতেই তিতাসের পাওনা রয়েছে প্রায় দেড়শ কোটি টাকা। পাওনা আদায়ে বিভিন্ন সময় তাগাদা দিয়েও কোনো ফল মেলেনি। তাই বকেয়া আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে জোরেশোরে অভিযানে নেমেছে তিতাস। এদিন ধানমন্ডি, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে তিতাসের বিপণন ও রাজস্ব বিভাগের ৩৪টি বিশেষ দল। বিচ্ছিন্ন করা হয়েছে দীর্ঘদিনের বকেয়া গ্রাহকদের সংযোগ। বকেয়া আদায় ছাড়া কোনো লাইন সচল হবে না বলে জানিয়েছে তিতাস। এছাড়া বকেয়া শোধ করলে পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হবে বলেও সংস্থাটি জানায়। অভিযানে পাওনা আদায়ে ৭৬টি বৈধ সংযোগসহ বিচ্ছিন্ন করা হয়েছে ২০টি অবৈধ সংযোগ। পাশাপাশি ২১ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়।