
নিউজ ডেস্কঃ বাংলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। বিগত দিনের করোনাকালীন অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে ডেঙ্গু সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে মৃত্যুও। গোট বাংলার তুলনায় কলকাতায় পজিটিভি রেট দ্বিগুণ। আবার শহরের নিরিখে দক্ষিণ কলকাতায় সংক্রমণের হার ৮৫ শতাংশ। সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে শহরে ডেঙ্গুতে আক্রান্ত ২,৮০০ জন। গোটা রাজ্যের সংখ্যাটা ২৫ হাজারের কাছাকাছি। যদিও বিরোধীদের মত, শহর এবং রাজ্য দুইস্থানে সংখ্যা দ্বিগুণের বেশি। তবে কলকাতা যে ডেঙ্গুর আঁতুড় ঘর তা অস্বীকার করছে না স্বয়ং পুরসভা প্রশাসকরাও। দুদিন আগেই কলকাতায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী প্রধান অনির্বাণ হাজরা (৪২), করোনায় সময় তার অবদান এখন ভোলেননি শহরবাসী। বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতেও সমানতালে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ফাইট করে যাচ্ছিলেন। কিন্তু করোনা তাকে কেড়ে না নিলেও ডেঙ্গু থেকে শেষরক্ষা পেলেন না। সোমবার (৭ নভেম্বর) আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কলকাতায় পার্কসার্কাস এলাকায় বাসিন্দা ছিলেন বুবাই হাজরা। সরকারি নীলরতন (এনআরএস) হাসপাতালে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন বুবাই (৩০)। যে হাসপাতালে চাকরি করতেন, গত সোমবার (৩১ অক্টোবর) থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সেই হাসপাতালেই। এদিন মৃত্যু হয় তার। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন সোমনাথ দে (৫০)। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিনিও।