নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারাঙ্গণে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণসভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সভার আয়োজন করে মাহবুবে আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তত্কালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের ইতিহাসে এবং আইনজীবীদের একজন হয়ে মাহবুবে আলম আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। তিনি যে আলোর দীপ শিখা আমাদের দান করে গেছেন, তা যুগ যুগ পর্যন্ত বয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। তিনি বলেন, মাহবুবে আলমের মতো জ্ঞানীগুণী ব্যক্তি, তার নিষ্ঠা ও কর্মপ্রয়াস আমাদের বিচারাঙ্গণকে উপকৃত করেছে। বিচার বিভাগ হয়েছে সমৃদ্ধ। তাইতো বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারাঙ্গণে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা স্মরণ করবো।