News71.com
 Bangladesh
 10 Nov 22, 08:40 PM
 121           
 0
 10 Nov 22, 08:40 PM

বাংলাদেশ আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে।। রিজভী

বাংলাদেশ আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে।। রিজভী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আতঙ্কিত ও শিহরিত জনপদে পরিণত হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন প্রতিদিনই আমাদের নেতাদের তুলে নিয়ে যাচ্ছে। তুলে নিয়ে কয়েকদিন গুম করে রাখার পর গ্রেফতার দেখানো হচ্ছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সারা দেশে প্রতিদিন বিএনপির নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আওয়ামী পুলিশ। বিএনপি নেতাদের বাড়িতে অভিযানকালে হয়রানি, দুর্ব্যবহার করছে। নারীদের অপদস্ত করছে। ১২ বছর আগে মারা যাওয়া ফরিদপুরের সাবেক কমিশনার ও শহর বিএনপির সভাপতি প্রয়াত বাচ্চু মিয়া আলীর বাড়িতে মঙ্গলবার মধ্যরাত ১২টায় পুলিশ অভিযান চালিয়েছে। মুন্সিগঞ্জ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যিনি এক বছর আগে মৃত্যুবরণ করেছেন তার বাইড়তে সাদা পোশাকধারী লোকজন হানা দিয়েছে। তাদের বাড়িতে অভিযানকালে নারীদের সঙ্গে ন্যক্কারজনক আচরণ করেছে পুলিশ। তিনি বলেন, ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে গণগ্রেফতার করতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান শুরু করেছে। নগরকান্দায় সাতজনকে গ্রেফতারের পাশাপাশি ফরিদপুরে অন্তত ছয়জন নেতার বাড়িতে অভিযানের নামে হয়রানি করেছে পুলিশ। বিএনপির নেতা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ভাইকে আটক করেছে। বরিশালের গণসমাবেশ শেষে ভোলার চরফ্যাশনে নেতাকর্মীরা নিজ এলাকায় ফেরার পথে আওয়ামী দুষ্কৃতকারীরা পথে পথে আক্রমণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন