
নিউজ ডেস্কঃ যমুনা নদীতে বিদ্যমান সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত দেশের বৃহত্তম বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে দৈনিক ৮৮ ট্রেন চলবে। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর কাজ শেষ হবে ২০২৪ সালের আগস্টে। ট্রান্স এশিয়ান রেলরুটের অন্যতম এ সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। বঙ্গবন্ধু বহুমুখী সেতু ব্যবহার করে বর্তমানে ৪৮টি ট্রেন চলাচল করছে। ২০২৪ সালে যখন বঙ্গবন্ধু রেলসেতু উদ্বোধন হলে উত্তরবঙ্গে উল্লেখযোগ্য সংখ্যায় পণ্যবাহী ট্রেন চলাচল করবে। এতে উত্তরবঙ্গ থেকে সহজে পণ্য পরিবহন করা যাবে রাজধানীতে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় পারাপারের সময় গতি কমিয়ে দেওয়া হচ্ছে। নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচলও। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বঙ্গবন্ধু রেলসেতুর ৪২ নম্বর পিলারের পাশে যমুনা নদীতে স্থাপিত বার্জ প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান এসব তথ্য জানান সাংবাদিকদের। এ সময় প্রকল্পে কোনো চ্যালেঞ্জ নেই। সবকাজ সঠিকভাবেই সম্পন্ন হচ্ছে বলেও তিনি জানান।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাসুদুর রহমান বলেন, এ প্রকল্পে জাইকা জাপানি মুদ্রা ইয়ানের মাধ্যমে অর্থায়ন করছে। সেজন্য চলমান ডলারের কোনো সংকট এ প্রকল্পে প্রভাব ফেলবে না। আর এখনই ব্যয় বাড়ারও সম্ভাবনা নেই। প্রকল্পে ১০০০ হাজার শ্রমিক কাজ করছে, যার মধ্যে ৩০০ জন বিদেশি।রেল মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা ও উত্তরবঙ্গের ২২টি জেলার সঙ্গে ট্রেন চলাচল সহজ করবে। এ প্রকল্পের মোট বরাদ্দ ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। যার মধ্যে অর্থ ব্যয় হয়েছে ৬ হাজার ১৬৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৩৬ শতাংশ।