
নিউজ ডেস্কঃ গুলশান, বনানী ও বারিধারা লেকের দূষণ রোধ করে মাছ চাষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মৎস্য অধিদফতর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর সমাপ্তি উপলক্ষ্যে রাজধানীর কুড়িল লেকে মাছের অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। মেয়র আতিক বলেন, আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি। খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালের পানিকে দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ করতে পারছি না, সেখানে মশার চাষ হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। অনুষ্ঠানের শুরুতে ডিএনসিসি মেয়র কুড়িল লেকে মাছের পোনা অবমুক্ত করেন। রুই, কাতলা, কালিবাউশ, মৃগেল এই চার প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কুড়িল লেকে প্রাকৃতিক পরিবেশে বড় হবে এগুলো। আতিকুল ইসলাম বলেন, শুধু কুড়িল লেকে নয়। পর্যায়ক্রমে সবগুলো লেকে মাছ চাষ করা হবে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোতে মাছ চাষ করার বিষয়ে মৎস্য অধিদফতরের সঙ্গে কথা বলেছি। অধিদফতর আমাকে জানিয়েছে এসব লেকের পানি দূষিত। এগুলোয় মাছ মারা যাবে। অতএব লেকের পানি দূষণ থেকে রক্ষা করতে হবে। পয়ঃবর্জ্যের লাইন লেকে দেওয়া যাবে না। বাসা-বাড়িতে অ্যাট সোর্সে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের টিম বাড়ি বাড়ি গিয়ে পয়ঃবর্জ্যের লাইন পরিদর্শন করছে। পয়ঃবর্জ্যের লাইন ড্রেনে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।