নিউজ ডেস্কঃ যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হয়ে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে আসার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল-এর উদ্বোধনে এ কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘সমস্ত ইয়াং জেনারেশন আজ মাদকের জন্য হুমকির সম্মুখীন। বিচারের জন্য যে অপরাধগুলো আসে এর বড় একটা অংশ হচ্ছে মাদক। আমার বিশ্বাস খেলাধুলা মাদকে আসক্ত থেকে যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারে। সেজন্য আমারা খেলাধুলার দিকে মনোযোগ দেব।’ যুব সমাজকে উদ্বুদ্ধ করে প্রধান বিচারপতি বলেন, ‘খেলা আমাদের জাতির গৌরবকে আরও বাড়িয়ে দেয়। গোটা যুব প্রজন্মকে বলি, আপনারা খেলায় মনোযোগ দিন। দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে আসবেন।’ এরপর প্রধান বিচারপতি পায়রা উড়িয়ে তরুণ আইনজীবীদের এ টুর্নামেন্টের উদ্ভোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল।