নিউজ ডেস্কঃ আগামী ৩০ নভেম্বর থেকে আড়াই হাত বাঁশের লঠি নিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করবে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। বাস, ট্রাক, ট্রেন ও পদব্রজে মানুষের বাঁধভাঙ্গা স্রোতে রাজশাহীর মাদরাসা মাঠই শুধু নয় পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে। এদিন নাটোর থেকেই জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ লাখ খানেক জনতা অংশগ্রহণ করবে বলেও ঘোষণা দেন মিনু। শনিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমন্বয় সভায় মিজানুর রহমান মিনু বলেন, দেশের মানুষ আর স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসন চায় না, তারা মুক্তি চায়। তাই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। দেশের মানুষ চায় বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক।