
নিউজ ডেস্কঃ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী'র সহধর্মিণী অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ নভেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী, স্কয়ার মাতা হিসেবে সুপরিচিত অনিতা চৌধুরী রোববার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, বার্ধক্যের জনিত কারণে তার মৃত্যু হয়েছে। অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।