
নিউজ ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের প্রত্যেকটিতে একটি করে ডিজিটাল তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে আজ শনিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এসব কেন্দ্র চালু করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে রোগীরা এসব কেন্দ্রে যাবে। সেখান থেকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে ব্যবস্থাপত্র এবং চিকিৎসা ও ওষুধ সেবন-সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, এই পদ্ধতি চালুর ফলে সরাসরি হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়বে না। এতে রোগীদের যাতায়াতের কষ্ট লাঘব হবে এবং সাশ্রয় হবে অর্থের। এসব তথ্যকেন্দ্রের নোটিশ বোর্ডে হাসপাতালের প্রত্যেক চিকিৎসক ও সেবিকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে। এতে চিকিৎসকদের সঙ্গে রোগীদের যোগাযোগ সহজ হবে।