News71.com
 Bangladesh
 23 Jul 16, 08:43 PM
 407           
 0
 23 Jul 16, 08:43 PM

ক্ষমতার লোভে বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে ।। নৌমন্ত্রী শাজাহান খান

ক্ষমতার লোভে বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে ।। নৌমন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্কঃ নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ক্ষমতার লোভে বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে গুপ্তহত্যা চালাচ্ছে । বেগম জিয়ার জাতীয় ঐক্যকে একটি মস্করা বলে আখ্যা দিয়ে তিনি বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে না এবং তাঁকে জাতির পিতা হিসেবে মেনে নেয় না তাদের সঙ্গে কোন ঐক্য হবে না। তিনি বলেন, ‘সরকারকে উৎখাতের লক্ষ্যে তারা সারা দেশে মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম এবং বিদেশী নাগরিকদের হত্যা করছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর গত অর্থবছরের (২০১৫-২০১৬) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। আজ বিকেলে চট্টগ্রাম বন্দরের মুক্তিযোদ্ধা শাহ্ আলম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, হুর-পরীর জন্য মানুষ হত্যা ইসলামের শিক্ষা নয়। ইসলাম শান্তির ধর্ম।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের অশুভ পরিকল্পনা থেকে সরে দাঁড়ায়নি। তবে দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘দেশের সব জায়গায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটি গঠন করা হচ্ছে। এতে ইমাম ও শিক্ষকসহ সব শ্রেণী-পেশার লোক রয়েছেন। সভায় সভাপতিত্ব করেন বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা করেন এম এ লতিফ এমপি ও নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।

সূত্র জানায়, পূর্ববর্তী অর্থ বছরে (২০১৫-২০১৬) বিএসসি ৫.৩৩ কোটি টাকা আয় করেছে। হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএসসিকে একটি লাভজনক সংস্থায় পরিণত করতে বাস্তবসম্মত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সে কারণে ২০১১ সাল থেকে বিএসসি মুনাফা করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন