
নিউজ ডেস্ক: টঙ্গীবাড়ী উপজেলার শিলিমপুর গ্রামে ৮ম শ্রেণীর ছাত্রী মহুবিনা (১৪) বখাটের যন্ত্রণায় আত্মহননের পথ বেছে নিয়েছে! গত শনিবার রাত ৮টার দিকে ঘটে। এছাড়া এই ঘটনায় রাত ১১টার দিকে পুলিশকে না জানিয়ে লাশ দাফন করা হয়। অভিযোগ উঠেছে বখাটের কাছ থেকে টাকা নিয়ে এক প্রভাবশালী তড়িঘড়ি করে লাশ দাফন করে। মহুবিনা শিলিমপুর জুনিয়র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
গতকাল রবিবার রাতে খবর পেয়ে স্কুলছাত্রী মহুবিনার ঘরে গিয়ে তার ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। আর তার পরিবারে কেউ বাড়িতে নেই। এলাকার প্রভাবশালী ওই নেতার চাপে তারা পাশের এক বাড়িতে অবস্থান নিয়েছে। সেই বাড়িতে গেলে মহুবিনার বাবা মনির শেখ সাংবাদিকদের দেখে এড়িয়ে যান। মাকে পেলেও মেয়ের মৃত্যুর বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
সাংবাদিকরা ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে ওই বখাটের নাম পরিচয় জানতে পারেনি। ওই এলাকার প্রভাবশালীর ভয়ে কেউ মুখ খুলছে না। কিন্তু পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় এক রাজনীতিক বলেন, লাভলু শিকদার (স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আলফু শিকদারের ভাই) বখাটের কাছ হতে ২ লক্ষ টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
লাভলু শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন দরিদ্র পরিবারের মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কেউ যদি এই ঘটনায় কোন টাকা পয়সা নিয়ে থাকে তাহলে আমিও চাই সত্যটি উদঘাটিত হোক। আমরা সবাই মিলে তার উপযুক্ত বিচার করবো।
এই ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন বলেন, এই বিষয়ে পুলিশ কিছুই জানে না। এই বিষয়ে কোন অভিযোগও আসেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।