News71.com
 Bangladesh
 25 Jul 16, 08:48 PM
 350           
 0
 25 Jul 16, 08:48 PM

দেশে ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কাজ চলছে ।। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

দেশে ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কাজ চলছে ।। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

নিউজ ডেস্কঃ ২০২১ সাল নাগাদ সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। আজ সংসদে সরকারি দলের সদস্য খন্দকার আজিজুল হক আরজুর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান ।

মন্ত্রী বলেন, বর্তমানে সরকারি খাতে ৭ হাজার ৭৬ মেগাওয়াট ক্ষমতার ১৭টি এবং বেসরকারি খাতে ৩ হাজার ৬৮১ মেগাওয়াট ক্ষমতার ১৪টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ১০ হাজার ৭৫৭ মেগাওয়াট ক্ষমতার ৩১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রসমূহ ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা যায়। তিনি বলেন, সরকারি খাতে ২ হাজার ১৮৮ মেগাওয়াট ক্ষমতার ৭টি এবং বেসরকারি খাতে ৩ হাজার ৪৮৫ মেগাওয়াট ক্ষমতার ২৬টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৫ হাজার ৬৭৩ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে ।

মন্ত্রী বলেন, সরকারি খাতে ৫ হাজার ৬৯৫ মেগাওয়াট ক্ষমতার ৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। আগামী জুলাই ২০১৮ নাগাদ ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কার্যক্রম চলছে। তিনি বলেন, ইতোমধ্যে পাবনা জেলার বেড়া উপজেলায় ৭০ মেগাওয়াট ক্ষমতার ১টি পিকিং পাওয়ার প্ল্যান্ট ২৮শে অক্টোবর ২০১১ সালে চালু হয়েছে। তাছাড়া পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার, রূপপুরে রাশিয়ার সহায়তার ২৪শ’ মেগাওয়াট ক্ষমতার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে কার্যক্রম চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন