
নিউজ ডেস্ক: সাভারে তৈরি পোশাক কারখানার মালিক ইঞ্জিনিয়ার মঞ্জুর আলম সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর গ্রামে ইনডেক্স এ্যাপারেলস কারখানার সামনে এই হামলার ঘটনা ঘটে।
ইনডেক্স এ্যাপারেলস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, সকালে ইনডেক্স এ্যাপারেলস কারখানার সামনে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মঞ্জুর আলম বাংলাদেশি বায়ার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন এই সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটাতে থাকে। পরে তার চিৎকারে কারখানার কর্মকর্তারা ওই ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তখন কারখানার অন্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।