News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:25 PM
 353           
 0
 26 Jul 16, 01:25 PM

ড্রাগের অভিযোগে হতাশায় ডুবে গেছেন রাসেল!

ড্রাগের অভিযোগে হতাশায় ডুবে গেছেন রাসেল!

স্পোর্টস ডেস্কঃ  মাথার ওপর ঝুলছে ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ হওয়ার হুমকি। এই অবস্থায় ভালো থাকেন কিভাবে আন্দ্রে রাসেল? জ্যামাইকা অ্যান্ডি ডোপিং কমিশন (জ্যাডকো) রাসেলের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ এনেছে। যার সর্বোচ্চ শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা। রাসেল বলেছেন, এই অবস্থায় পড়ে স্ট্রেসের মধ্যে আছেন। ভুগছেন হতাশায়।

গত মার্চে জ্যাডকো জানায়, রাসেল ১২ মাসের মধ্যে ডোপ টেস্টের তিনটি তারিখ মিস করেছেন। উপস্থিত হননি। তিনটি ডোপ টেস্ট মিস করলে ডোপ আইনে একটি ড্রাগ টেস্টে পজিটিভ বিবেচনা করা হয়ে থাকে। এবং এমন ক্ষেত্রে দোষী প্রমাণিত হলে অ্যাথলেট সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। রাসেলের আইনজীবি জানাচ্ছেন, তাদের কাছে তিনবার নয়, দুইবার চিঠি এসেছিল।

শনিবার শুনানীতে হাজির হয়েছিলেন রাসেল। আর এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন, "সত্যি বলতে এটা সহজ না। কঠিন। মাঠে ঢুকলে মাথায় ওসব কাজ করে না। কিন্তু রুমে ফেরার পর বাস্তবতার মুখোমুখি হতে হয়। এসব মাথায় নিয়ে খুব স্ট্রেস লাগে। হতাশায় ডুবি।" রাসেলের বিচারের পরবর্তী শুনানী ১৯ ও ২০ সেপ্টেম্বর।

রাসেল ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার বড় ভূমিকা ছিল। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি। গত বছরের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড় ছিলেন তিনি। এরপর বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ জিতেছেন সিডনি থান্ডার্সের হয়ে। ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডে খেলে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শেষ চারে নিয়েছিলেন। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাসেল খেলছেন জ্যামাইকা তাল্লাওযাহসের হয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন