
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে জিহাদি বইসহ আটক জামাআ'তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য আতাউল্লাহ ওরফে বাহাদুরকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের শুনানি শেষে বিচারক মোরশেদ আলম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার ভোরে তাড়াশ উপজেলার তাড়াশ মাদরাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদি বইসহ আটক করা হয় জেএমবি সদস্য আতাউল্লাহ ওরফে বাহাদুরকে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভাণ্ডারী আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে। তিনি ২০১৩ সালে তাড়াশ মাদরাসাপাড়ার দক্ষিণপাড়ার মো. জামিলুর রহমানের মেয়েকে বিয়ে করে সেখানকার একটি মসজিদের ইমামের চাকরি নিয়ে বসবাস করছিলেন।
অপরদিকে সিরাজগঞ্জের পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বোমা ও বিস্ফোরকসহ আটক জেএমবির ৪ নারী সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই আবু সাঈদ। আগামীকাল ২৭ জুলাই রিমান্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানা কোর্টের জিআরও আব্দুল মান্নান।