
নিউজ ডেস্কঃ নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে পদক প্রবর্তন করল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো এ পদক দেওয়া হচ্ছে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ফিরোজা বেগমের জন্মদিন ২৮ জুলাই বিকেল চারটায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাবিনা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া ফিরোজা বেগম ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীকে প্রতি বছর স্বর্ণপদক ও বৃত্তি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের প্রবর্তক ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, ঢাবির কলা অনুষদের ডিন বেগম আকতার কামাল, সংগীত বিভাগের চেয়ারপারসন লীনা তাপসী খান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আসাফ-উদ-দৌলা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মসিহ-উদ-দৌলা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফিরোজা বেগমের ছেলে সংগীতশিল্পী শাফিন আহমেদ ও তাঁর ভাইয়ের মেয়ে নজরুলসংগীত শিল্পী সুস্মিতা আনিসসহ ফিরোজা বেগমের পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।