
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ভেজাল রং তৈরির অপরাধে রেজাউল সরদার (৪০) নামে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মোঃ আল জুনায়েদ এ জরিমানা করেন। ভেজালকারী রেজাউল সরদার জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম জানান, জেলা শহরের হীরাবাড়ী রোড এলাকায় জনৈক আবু তাহেরের বাড়ির নিচতলায় একটি ইউনিট ভাড়া করে সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন ইউপি মেম্বার রেজাউল সরদার। ওই বাড়িতেই তিনি বার্জার কোম্পানিসহ বিভিন্ন খালি কৌটা কিনে ভেজাল রং তৈরি করে তা কম দামে দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করে আসছিলেন।
তিনি আরো জানান, বার্জার কোম্পানির পরিবেশকগণ বাজারে ভেজাল রং পাওয়া যাচ্ছে কম্পানির কাছে এমন অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে কোম্পানির একটি টিম অনুসন্ধান চালিয়ে সত্যতা পান। ওই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মোঃ আল জুনায়েদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার(ইউপি মেম্বার) বাসা থেকে ৫০০ গ্যালন ভেজাল রং, খালি কৌটা ও রং তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে টাকা পরিশোধ করে ছাড়া পান ওই ভেজালকারী।
এ সময় বার্জার কোম্পানীর নকল প্রতিরোধ কমিটির প্রধান মেজর (অবঃ) মির্জা গোলাম হাফিজ ও হেড অব লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার ইখতেখার আহম্মেদ উপস্থিত ছিলেন।