News71.com
 Bangladesh
 26 Jul 16, 08:50 PM
 520           
 0
 26 Jul 16, 08:50 PM

অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে

অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে

নিউজ ডেস্কঃ  নীলফামারীর জলঢাকায় ব্যাপক অনিয়ম-অভিযোগের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার শেষ হলো প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরণ। অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত দেখিয়ে, দুই কিস্তির টাকা না দিয়ে এক কিস্তির টাকা শিক্ষার্থীদের দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ ব্যাংক কর্মর্তারা-এমন অভিযোগ উঠেছে। এদিকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে  উপবৃত্তির টাকা প্রদানে অনিয়মের অভিযোগ এনে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন দায়িত্বরত সহকারী শিক্ষা কর্মকর্তারা।  এদিকে শিক্ষার্থীসহ অভিভাবকরা অভিযোগ করছেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে লোক দেখানো তদন্ত হলেও বাকী প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে রয়েছেন ধরা-ছোয়ার বাইরে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়। সরেজমিনে উপজেলার সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কালিরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপবৃত্তি বিতরণ কেন্দ্র ঘুরে দেখা যায় এমন অনিয়মের চিত্র।

 কেন্দ্রটিগুলিতে শিক্ষার্থীসহ অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের টাকা কম দেওয়াসহ অফিসের কথা বলে নাস্তা খাওয়ার টাকা কেটে নেওয়া হচ্ছে এখানে। শিক্ষার্থীদের অভিভাবক  আমেনা বেগম, নুরনাহার বেগম, নিভা রানী ও রুস্তম আলী জানান, এখানে শিক্ষার্থীদের দুই কিস্তির টাকার বিপরীতে এক কিস্তির টাকা বিতরণ করা হচ্ছে সেখানেও কম দিচ্ছেন প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তারা।

এ ঘটনায় দায়িত্বরত সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মোশফেকুর রহমানের নিকট অভিযোগ করে চতুর্থ শ্রেণির ছাত্রী দিপা রানী বলেন, আমি দুই কিস্তির ১২০০  টাকা পাবো, সেখানে আমাকে এক কিস্তির ৬০০টাকা দেওয়া  হয়েছে। বিষয়টি নিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা উপস্থিত সংবাদকর্মীদের নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মেঘনাদ রায়ের নিকট টাকা কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তড়িঘড়ি করে বাকী ৬০০ টাকা ফেরত দেন। এমন চিত্র উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি উপবৃত্তি বিতরণ কেন্দ্রের।

এ বিষয়ে কথা হলে সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মোশফেকুর রহমান বলেন, 'এক সাথে অনেকগুলো উপবৃত্তির টাকা বিতরণ কেন্দ্র হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ' তিনি আরও জানান, একদিনে একটি করে কেন্দ্রে টাকা বিতরণ করলে অনিয়মের মাত্রা অনেকাংশে কমে যাবে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহাজাহান জানান,' শিক্ষকদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন