
নিউজ ডেস্কঃ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া-গাজীপুর সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চক্রবর্তী পুলিশ ফাড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফজলুর রহমান ও স্থানীয়রা জানায়, আজ সকালে নবীনগর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী পলাশ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৭২৮) দ্রুত গতির বাসটি চক্রবর্তী এলাকায় পৌঁছে অপর একটি বাসকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ২৫ ফুট নিচু একটি খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি র্যা কারের সাহায্যে উদ্ধার করে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও একই স্থানে পলাশ পরিবহনের একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছিল।