
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন ও দায়বদ্ধহীন একটি সরকারের বিরুদ্ধে জনগণের ভোটে নির্বাচিত সরকার কায়েমের লড়াই চলছে। এই লড়াইকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটার পর একটা নতুন নতুন ইস্যু সৃষ্টি করা হচ্ছে। একটা ইস্যুর নিচে একটা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন সন্ত্রাস ও জঙ্গিবাদের ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এ সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম আরও বলেন, জঙ্গিবাদ দমন করার জন্য একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। আমরা বিশ্বাস করি, কোনো প্রশাসন বা পুলিশ দিয়ে এ ধরনের কার্যক্রম দমন করা যায় না। জনগণকে সঙ্গে নিয়ে এটা করতে হয়। কিন্তু তাতে সরকার আগ্রহী নয়। এর মূল কারণ হলো এই ইস্যুটা জিইয়ে রাখতে হবে। যাতে জনগণ শেয়ারবাজারে লুট, ব্যাংকে লুটের কথা ভুলে যায়, অত্যাচার-নিপীড়ন, খুন-অপহরণ, মিথ্যা মামলা দিয়ে হয়রানির কথা ভুলে যায়। কিন্তু চাইলে কি সব ভোলা যায়? যারা ভিকটিম, তারা কখনো ভুলবে না।
ড্যাবের সহসভাপতি রফিকুল কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, আবদুল মান্নান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া প্রমুখ।