News71.com
 Bangladesh
 27 Jul 16, 04:04 PM
 360           
 0
 27 Jul 16, 04:04 PM

শিক্ষা প্রতিষ্ঠানে ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষা প্রতিষ্ঠানে ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিউজ ডেস্কঃ জঙ্গি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানো নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গি প্রতিরোধে ডিসিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। ডিসিরা এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ডিসিরা এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নজরদারি বাড়াবেন ও সহযোগিতা করবেন।

বর্তমানে দেশ জঙ্গিবাদের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের তরুণ ছেলে-মেয়েরা এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তাদের টার্গেট করা হচ্ছে জঙ্গি বানানোর জন্য। তাই আমাদের আরও হুশিয়ার থাকতে হবে। আমরা শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে চাই। কিন্তু তারা যদি বিপদগামী হয় তাহলে তাদের ও তাদের পরিবারের সর্বনাশ হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে স্কুল-মাদ্রাসাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে বসেছি। ৩০ জুলাই টেকনিক্যালের শিক্ষার্থীদের সঙ্গেও বসব। জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের আরো দায়িত্বশীল ও নজরদারি বৃদ্ধি করতে হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের দক্ষতা ও লোকবলের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমরা সেসব চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। ডিসিদের পক্ষ থেকে উল্লেখযোগ্য দাবি হলো, শিক্ষক সংখ্যা বৃদ্ধি ও শিক্ষকের মান বৃদ্ধি। এ জন্য তারা সব শিক্ষককে ট্রেনিং দেয়ার দাবি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন