
নিউজ ডেস্কঃ মাগুরায় জঙ্গি আখ্যা দিয়ে বিল্লাল হোসেন নামে মসজিদের এক ইমামকে গতকাল মঙ্গলবার রাতে অপহরণ করে পরিবারের কাছে চাঁদা দাবি করে একটি চক্র। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই রাতেই সদর উপজেলার কাটাখালি এলাকার একটি মাঠ থেকে অপহৃত ইমামকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশ।
শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর মসজিদের ইমাম বিল্লাল হোসেনকে মাগুরা সদরের কাটাখালী এলাকা থেকে জঙ্গি আখ্যা দিয়ে ধরে নিয়ে যায় কয়েকজন যুবক এবং মোবাইল ফোনে তারা মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ১০ হাজার টাকা দাবি করে। অপহরণকারীদের মোবাইল পেয়ে রাতেই শালিখা থানায় মৌখিক অভিযোগ করেন অপহৃত ইমামের স্বজনরা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে বিকাশে টাকা দেওয়ার কথা বলে রাত ১০টার দিকে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে শালিখা থানা পুলিশ সদর উপজেলার কাটাখালী এলাকার একটি মাঠ থেকে অপহৃত ইমামকে উদ্ধার করে।
এ সময় অপহরণের সাথে জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে জনি (২২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জনি সদরের ছয়চার গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি অপহরণের কথা স্বীকার করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। অপহৃত ইমামের বাড়ি যশোরের বাঘারপাড়ার শ্রীরামপুর গ্রামে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরপরই মাগুরা সদরের কাটাখালি এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসে অপহরণের শিকার হন তিনি।