
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেকীন আগামী ৭ জুন এই মামলার রায় ঘোষণার দিন-তারিখ নির্ধারণ করেছেন। জানা যায়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন ধার্য করেন। এছাড়াও আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড চেয়েছে রাস্ট্রপক্ষ বলে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। ওই দিন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক তথ্য উঠে আসে। মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।