
নিউজ ডেস্কঃ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ২০ মিনিট পরে ছেড়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে, যার ফলে রাতের সেবার সময়ও বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আগামী ৭ তারিখ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।