News71.com
 Bangladesh
 27 Jul 16, 04:14 PM
 372           
 0
 27 Jul 16, 04:14 PM

সিরাজগঞ্জে আটক ৪ নারী জঙ্গি রিমান্ডে....

সিরাজগঞ্জে আটক ৪ নারী জঙ্গি রিমান্ডে....

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বিস্ফোরকসহ আটক সন্দেহভাজন চার নারী জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত । আজ বুধবার সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোর্শেদ আলম এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. শহীদুল্লাহ। পরিদর্শক শহীদুল্লাহ জানান, সন্দেহভাজন চার নারী জঙ্গিকে পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আবু সাঈদ।

আসামিরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুনা খাতুন (১৯), বগুড়ার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২২) ও একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।

শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রবিবার ভোরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার উত্তরপাড়ার হুকুম আলীর বাড়ির ভাড়া বাসা থেকে ছয়টি ককটেল, গ্রেনেডের চারটি খোল, বোমা তৈরির সরঞ্জাম, নয়টি জিহাদি বই প্রভৃতিসহ তাদের আটক করা হয়। ওইদিন দুপুরে গোয়েন্দা পুলিশের এসআই রওশন আলী বাদী হয়ে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় পৃথক দুটি মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন