
নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে আগামী রোববার (৭ জুন) মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। বুধবার (৩ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তিন দিনের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এছাড়া রুশ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। সোমবার অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।