
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার আজীবন স্বপ্ন হলো শান্তিপূর্ণ বাংলাদেশ। সেই শান্তির উপর আক্রমণ এসেছে। এটি মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় কাজ। গুলশানে হামলার পর সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে বেশ দৃঢ়তা দেখিয়েছে।
কল্যাণপুরের পুলিশের গুলিতে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আজকের পত্রিকায় আপনার তার নজির কিছুটা দেখেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।
বুধবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে উন্নয়নে পিকেএসএফ ২০১৬ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী এ সময় আরো বলেন, গ্রামীণ ব্যাংক ও পিকেএসএফ সম্পূর্ণ বাংলাদেশ সরকারের নিজস্ব সৃষ্টি। ১৯৮৩ সাল ক্ষুদ্র ঋণে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। অবশ্য এর আগেই ড. ইউনুস গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠা করে। যা প্রথমে একটি প্রকল্প আকারে ছিলো। পরবর্তীতে সরকার এটিকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করে। এটি প্রতিষ্ঠার সময় বিশ্বব্যাংক কোন সহায়তা দেয়নি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় বিশ্বব্যাংকের কোনো অবদান নেই। বিশ্বব্যাংক সাত আট বছর আলোচনা করলেও তা ব্যর্থ হয়। সেসময় ইফাদ শুধু এতে অর্থায়ন করে।
অর্থমন্ত্রী বলেন, সে সময়ে আমি অর্থমন্ত্রী ছিলাম। ব্যাংকারদের সাথে কথা বলেছি কিন্তু তারা কেউ এ প্রকল্পে অর্থায়নে রাজি ছিলো না। তারা বলেছিলো ড. ইউনুসকে আমরা ঋণ দিচ্ছি, তিনি চাইলে আমরা আরো ঋণ দিবো। নতুন ব্যাংক প্রতিষ্ঠায় তারাও আগ্রহী ছিলো না। তাই গ্রামীণ ব্যাংক ও পিকেএসএফ একান্ত সরকারের নিজস্ব সৃষ্টি।