
নিউজ ডেস্কঃ অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে বুধবার রাজধানীর কয়েকটি থানায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলগুলো ছিলো ঝটিকা। যুবদল ও ছাত্রদলও মিছিল করেছে কয়েক জায়গায়। রাজধানীর ধানমন্ডি এবং রমনা থানা বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। তবে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় এই মিছিল। শাহজাহানপুরে যুবদলের মিছিলে পুলিশ গুলি করে বলে অভিযোগ করেন দলের নেতারা।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ল্যাব এইড হাসপাতাল থেকে ধানমন্ডি গ্রিন রোড হয়ে পান্থপথ চৌরাস্তার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। রমনা থানা বিএনপি বিক্ষোভ মিছিলটি নয়াটোলা পাক থেকে শুরু হয়ে গাবতলা পেয়ারাবাগ হয়ে মগবাজার রেলগেটে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রমনা থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ আমির হোসেন।
শাহজাহানপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। তবে মিছিলে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বেলা ১১টার দিকে রাজারবাগ মোড় থেকে এ মিছিলটি শুরু হয়ে শাহজাহানপুর আমতলায় গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভা শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর তিন রাউন্ড গুলি করে বলে জানিয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঢাকা মহানগর উত্তর যুবদল কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হয় এ মিছিল। বেলা ১১টার দিকে ঢাকা জর্জকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের আইনজীবী নেতারা। তিতুমীর কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি মহাখালী কাচাবাজার থেকে শুরু করে কলেরা হাসপাতালের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।