
নিউজ ডেস্কঃ কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভীনকে পুলিশ হেফাজতে নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
মমতাজ পারভীনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক বজলার রহমান। আবেদনে বলা হয়েছে, যাচাই-বাছাই না করে আসামি বাড়ি ভাড়া দিয়েছেন। পুলিশের কাছে ভাড়াটের তথ্য দেননি। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর জনবহুল এলাকা কল্যাণপুরে সোমবার রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার একটি বাসায় এক ঘণ্টার অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, তারা সবাই জেএমবির সদস্য। যদিও তারা নিজেদের আইএস দাবি করেছিলেন।
পুলিশ জানায়, ‘অপারেশন স্টর্ম-২৬’ নাম দিয়ে গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত জঙ্গিদের ভাড়া করা ওই বাসা বা আস্তানায় অভিযানটি চালানো হয়। এর পূর্বে গত সোমবার রাত সাড়ে নয়টা থেকে ওই এলাকায় পুলিশ ব্লক রেড শুরু করেছিল।
উল্লেখ্য, কল্যাণপুর প্রধান সড়ক ধরে কিছু দূর হাঁটলে ডান পাশে ৫ নম্বর সড়ক। এই সড়কের মাঝামাঝি অবস্থানে ছয়তলার একটি বিশাল ভবন। এর প্রধান ফটকে বাড়িটির নাম লেখা ‘তাজ মঞ্জিল’। বেশ জীর্ণ এই বাড়িটিকে ঘিরে এলাকাবাসীর রয়েছে নানা রকম অভিযোগ। আশির দশকে নির্মাণ করা বাড়িটির প্রতিটি তলায় রয়েছে লম্বা বারান্দা। বাড়িটি এলাকাবাসীর কাছে ‘জাহাজ বিল্ডিং’ বা ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত, যার মালিক সাবেক শুল্ক কর্মকর্তা আতাহার উদ্দিন আহমেদ।