
নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলপথে মাদক ও চোরাকারবারিদের কার্যক্রম প্রতিরোধে সহায়তা দেবে জেলা প্রশাসকরা। আজ বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে ‘সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়’ সর্ম্পকিত আলোচনায় অংশগ্রহণ শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, তাদের সঙ্গে খোলামেলা কথা হয়েছে। আগে তারা যে পরিমাণ সহযোগিতা করতেন, এখন তার চেয়ে বেশি করবেন। সরকারের পক্ষে তারা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বন্ধ হয়ে যাওয়া সব রেলপথ পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফেনী-বিলোনিয়া রেলপথ চালুর সম্ভাব্যতা-সমীক্ষা শুরু হয়েছে।
প্রসঙ্গত, অবৈধভাবে দখল হয়ে যাওয়া রেলওয়ের জমি উদ্ধারে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। রেলপথের শুন্যপদগুলো আগামী দুই বছরের মধ্যে পূরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।