
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি শিশু শ্রমিক রনি (১১)। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছে তার বাবা। নিখোঁজ রনি পৌর শহরের বাঞ্চানগর এলাকার খোরশেদ আলমের ছেলে। সে লক্ষ্মীপুর পর্দা গ্যালারি নামক দোকানে কাজ করত বলে জানা গেছে।
সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, ৫ মাস আগে রনিকে পর্দা গ্যালারিতে কাজ শেখানোর জন্য দেয় তার পরিবার। প্রতিদিন রাত ৯টার দিকে নিজের সাইকেল চালিয়ে বাড়িতে যায় রনি। কিন্তু গত ২৪ জুলাই রোববার সকালে কাজে এসে আর ফিরে যায় নি। পরে স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর পর্দা গ্যালারির মালিক নাসির জানান, ‘‘প্রতিদিনের মত রনি দোকানে আসে কিন্তু বিকেলে তার সাইকেল দোকানের সামনে রেখে কোথায় চলে যায়। পরে জানতে পারি বাড়িতে যায়নি। নিখোঁজের সংবাদ শুনে আমরা জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেছি। এছাড়াও আইনের সহযোগিতা নিচ্ছি।’’ লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, এ ঘটনায় থানা জিডি হয়েছে। শিশুটির সন্ধানে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।