
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার সদর উপজেলার মাহমুদজুমায় মিলন হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী লিটন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। তিনি উপজেলার মাহমুদজুমা গ্রামের মসলেম মণ্ডলের ছেলে এবং মুদি ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মিলন হোসেন মাহমুজুমা গ্রামের মোড় থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল। এসময় প্রতিবেশী মৃত হানিফ মণ্ডলের ছেলে তাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিলনের বাবা মসলেম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী লিটন এঘটনা ঘটিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, আমি ঘটনাটি শুনেছি অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।