News71.com
 Bangladesh
 28 Jul 16, 01:39 PM
 379           
 0
 28 Jul 16, 01:39 PM

বিচার বিভাগকে সরকার রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে: চট্টগ্রাম বিএনপি

বিচার বিভাগকে সরকার রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে: চট্টগ্রাম বিএনপি

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। সে বিচার বিভাগকে সরকার রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে। যার ফলে দেশে আজ আইনের শাসন নেই। তারেক রহমানকে হাইকোর্ট এর মাধ্যমে সাজা দেয়ায় সরকার দেশে আইনের শাসন আছে বলে আর দাবি করতে পারে না। সরকার বিচার বিভাগ, পুলিশ, র্যা ব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে, অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। দেশের এমন অবস্থা হয়েছে চিন্তাশীল কোন মানুষ সঠিকভাবে মত প্রকাশ করতে পারছে না।

তিনি বুধবার বিকেলে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কোতয়ালি ও ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে নাসিমনভবন দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, তারেক রহমানকে যে সাজা হাইকোর্ট দিয়েছে দেশের যেকোন সাধারণ মানুষ মনে করে, এই রায় রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার তারেক রহমানকে ভয় পায়। লন্ডনে থাকার পরও তারেক রহমানকে আওয়ামী লীগ এইভাবে ভয় পেলে তারেক রহমান দেশে আসলে সরকার তো পালানোর পথ পাবে না।

জনাব খসরু আরো বলেন, একের পর এক বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আসলাম চৌধুরীকে ইসরাইলী মুসাদ ষড়যন্ত্রে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। ইসরাইলী প্রকৃত এজেন্টকে জনগণ জানে? প্রশাসনের যেসব কর্মকর্তারা বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে জনগণ একদিন ব্যবস্থা নিবে। যেদিন জাগ্রত জনতা ক্ষমতা দখল করবে, সেদিন সকল অবৈধ কর্মকর্তাদের বিচার করা হবে। তিনি বলেন, আমাদেরকে আবারো শপথ নিতে হবে, আবারো প্রস্তুতি নিতে হবে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলনে অংশ নেওয়ার জন্য। 

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান নেতাকর্মীদের প্রাণ। তারেক রহমান ছাড়া এই দেশে কোন নির্বাচন জনগণ হতে দিবে না। সকল ষড়যন্ত্র ছিন্ন করে এই দেশে ফিরে আসবে এবং নির্বাচনে অংশ নিবে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিচার বিভাগকে ব্যবহার করছে। 

ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এসএম সাইফুল আলমের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, শাহআলম, জয়নাল আবেদিন জিয়া, নুর উল্ল্যাহ বাহার, নাজিমুর রহমান, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ইয়াসিন চৌধুরী লিটন, সামশুল হক, আনোয়ার হোসেন লিপু, কাউন্সিলর আবুল হাসেম, ইসকান্দর মির্জা, ইঞ্জিনিয়ার কাজী সুফিয়ান, আলহাজ্ব সালাউদ্দিন, সরফরাজ কাদের রাসেল, আাকতার খান, শাহেদ বক্স, শওকত আজম খাজা, হাসান মুরাদ, মোহাম্মদ সেকান্দর, সৈয়দ আহমেদ প্রমুখ।

সমাবেশের পূর্বে কাজির দেউড়ি হতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল নাসিমনভবনস্থ দলীয় কার্যালয়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন