
নিউজ ডেস্কঃ শিশু সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে হাজিরা দিয়েছেন। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে বিচারক মো. শরিফুল ইসলামের আদালতে স্বশরীরে হাজিরা দেন তিনি। বিচারক আগামী ২৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন (চার্জ) বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
জেলা জজ আদালতের কোর্ট (জিআরও) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বষয়টি নিশ্চিত করে বলেন, এমপি লিটন জামিনে আছেন। এর আগে আদালত তাকে ২৮ জুলাই স্বশরীরে হাজিরার নির্দেশ দেন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে স্বশরীরে হাজির হন। বিচারক ২৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন (চার্জ) শুনানির দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন গুলশান নাহার মুনমুন বলেন, এমপি লিটনের মামলা আদালতে বিচারাধীন। তিনি আদালতে হাজিরা দিয়েছেন। মামলার পরবর্তী ধার্য তারিখে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠেয় হবে। উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সৌরভ (১২)। সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত বছর ২৬ অক্টোবর বাড়ি ফেরে।
এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। গত ১৫ অক্টোবর থেকে এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ করেছেন।