News71.com
 Bangladesh
 28 Jul 16, 08:22 PM
 371           
 0
 28 Jul 16, 08:22 PM

বাংলাবাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ।।  বিপুল পরিমাণ উগ্রপন্থী বই উদ্ধার

বাংলাবাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ।।  বিপুল পরিমাণ উগ্রপন্থী বই উদ্ধার

 

নিউজ ডেস্কঃ  রাজধানীর বাংলাবাজারের একটি প্রকাশনী থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো: মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত হুজি সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার বাংলাবাজারে অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা পূর্ব বিভাগের একটি দল গত ২১ জুলাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ঢাকা মহানগরীর কমান্ডার মাওলানা মো: নাজিমুদ্দীন শামীম এবং তার আরও দুই সহযোগীকে বই ও প্রচারপত্রসহ গ্রেফতার করে। পরে পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় বর্তমানে হুজি ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সগির বিন এমদাদের নগরীর বাংলা বাজারে একটি নিজস্ব প্রকাশনা রয়েছে। যার নাম ‘মাকতাবাতুল কোরআন’। ওই প্রকাশনীর মাধ্যমে সে উগ্রপন্থী বই প্রকাশ ও প্রচার করে হুজির সাংগঠনিক কার্যক্রম চালাতো।

এই খবরের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বই উদ্ধার করে।

সাইফুল্লাহ খালেদ ওরফে সগির বিন এমদাদ কৌশলে মালেয়শিয়ায় পালিয়ে যায় বলে জানা গেছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানায় , তাদের বেশ কিছু সদস্য আফগানিস্থান ও সিরিয়ায় যুদ্ধে অংশগ্রহন করেছে। তাদের মধ্যে দুই জন আফগানিস্থানে নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। তারা ঢাকা থেকে ওইসব সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করতো বলে পুলিশকে জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন