
নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত আজ এ আদেশ দেয়।
আজ মামলার ১৪ থেকে ১৬তম সাক্ষীর জেরা অনুষ্ঠিত হয়। সাক্ষীরা হচ্ছেন- প্রাইভেটাইজেশন বোর্ডের তৎকালীন যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, সোনালী ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মফিজুল ইসলাম ও বগুড়ার গাবতলী উপজেলার সাব-রেজিষ্ট্রার গোলাম ফারুক। পরবর্তী ধার্য তারিখে ১৭তম সাক্ষী প্রাইম ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মেহমুদ হোসেনকে জেরা এবং ১৮তম সাক্ষী চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল মজুমদারের সাক্ষ্য গ্রহণ করা হবে।
আজ বেগম খালেদা জিয়ার পক্ষে সিনিয়র এডভোকেট আব্দুর রেজ্জাক খান এবং অন্য আসামিদের পক্ষে আইনজীবী জাকির হোসেন, আমিনুল ইসলাম, বোরহানউদ্দিন আহমেদ ও রেজাউল করিম সরকার সাক্ষীদের জেরা করছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ মামলার অন্যতম আসামি। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩। এদিকে জিয়া চ্যারিটেবল ষ্ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে আগামী ১১ আগস্ট।