
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস ক্ষেত্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন ও সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমানে বিভিন্ন জঙ্গি বা সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। সভায় দেশে উৎপাদিত এলপিজি গ্যাস ও আমদানীকৃত এলপিজি গ্যাসের মূল্য এক এবং সঠিক মাপ ও মান নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। তাছাড়া বেসরকারি গ্যাস কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করে সরকারি প্রতিষ্ঠানকে সক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করা হয়।
সভায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা অব্যাহত রাখা এবং যেখানে যে কোম্পানির গ্যাস সংযোগ আছে সেখানে অবৈধ গ্যাস সংযোগের জন্য সে কোম্পানিকে দায়ী করে শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। সভায় পায়রা বন্দরকে অধিক কার্যকর করার লক্ষ্যে ১৮ কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিং করে সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়।