
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে এক রাতে ৭টি ব্যবসা-প্রতিষ্ঠানে চুরি হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলা সদর হাজিরহাট বাজারে এসব চুরির ঘটনাটি ঘটে। চোরের দল নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তদের দাবি ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় সংঘবদ্ধ চোরের দল বাজারে আমেনা মেডিকেল হল, সেলিমের পোল্ট্রি আড়ৎ, শহীন ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, ভাই ভাই স্টোর, ইউছুফ স্টোর ও নুরনবী ট্রেডার্সের পেছনের দরজা কেটে ভিতরে ঢুকে। এসময় তারা ক্যাশ ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে যায় ।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।