
নিউজ ডেস্কঃ রাজধানীর কল্যাণপুরে আভিযানের ঘটনায় নিহত ও আহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৯শে সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। গতকাল রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় এই মামলা করেন ।
আজ মামলার এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছানোর পর মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান পুলিশ প্রতিবেদন দেওয়ার তারিখ ঠিক করে দেন। কল্যাণপুরের ৫ই নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ৬ তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে গত সোমবার রাতে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন ৯ জঙ্গি ।
ভোরের সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন মো. রাকিবুল হাসান রিগান নামের এক তরুণ, যাকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই বাসায় অস্ত্র, বিস্ফোরকের পাশাপাশি আইএস এর পতাকা ও কালো পাঞ্জাবি পাওয়ার কথা জানালেও পুলিশের ধারণা, হতাহতরা সবাই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিদল জেএমবির সদস্য ।
নিহত ৯জনের মধ্যে ৮জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন - দিনাজপুরের আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২) এবং রংপুরের পীরগাছার রায়হান কবির (২০) ।
হতাহত ১০জন ছাড়াও ইকবাল, তামিম চৌধুরী, রিপন, খালিদ, মামুন, মানিক, জোনায়েদ খান, বাদল, আজাদুল ওরফে কবিরাজের নাম আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে বলে মিরপুর থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন জানিয়েছেন ।