News71.com
 Bangladesh
 29 Jul 16, 01:39 AM
 341           
 0
 29 Jul 16, 01:39 AM

বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষ্যে মত বিনিময় সভা...

বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষ্যে মত বিনিময় সভা...

নিউজ ডেস্কঃ জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬ উপলক্ষ্যে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইত্তেফাক কার্যালয়ের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে এক্সপ্রেশন লিমিটেড ও দৈনিক ইত্তেফাক গ্রুপ। এছাড়া আয়োজনের সহযোগিতায় ছিলো বাংলাদেশ বন অধিদফতর।

সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার পরে গাছ কাটা বন্ধ হলেও দখল বন্ধ হয়নি। এই সমস্যা সমাধানে সামগ্রিকভাবে কাজ করতে হবে। চিটাগাং হিল ট্রাকসের ব্যাপারে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বিরোধপূর্ণ অবস্থা বিরাজ করছে। তাই চাইলেই সবসময় কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের আস্থা অর্জন করা কঠিন হলেও আস্তে আস্তে তারা আমাদের বুঝতে শুরু করেছেন। আমরা তাদের নিয়েই বন রক্ষা করবো। সভায় অংশ নেন বিশেষজ্ঞ, সাংবাদিক, গবেষক, শিক্ষক, লেখক, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও এক্সপ্রেশানস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সভা থেকে নিশ্চয়ই বন রক্ষায় নানা রকমের পদক্ষেপের পরামর্শ উঠে আসবে। এরপর বক্তব্য রাখেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট ও হিউম্যান ডেভেলপমেন্ট এর লেখক ফিলিপ গাইন। তিনি বলেন, বাংলাদেশে গাছ লাগানো অভিযান অনেকটা সফল। তবে এখনো প্রকৃত গবেষণার খুবই অভাব। তিনি বন বিভাগের নেতৃত্বে এই বিষয়ে বেশি গবেষণা করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতি দমন কমিশনের মতো বন বিভাগও দায়িত্ব পালন করতে পারে বনাঞ্চলে কোথায় দুর্নীতি হচ্ছে এবং কিভাবে হচ্ছে। এক্ষেত্রে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এবং বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তাসমিমা হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মহুমদর, বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, পরিবেশ অধিদফতরের মো. রইছ উল আলম মন্ডল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিস এর প্রধান নির্বাহী ড. আতিক রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আনসারুল করিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন