
নিউজ ডেস্কঃ হবিগঞ্জ জেলা শহরে মোবাইল চুরির অভিযোগে শিশু নির্যাতনের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এঘটনায় তাৎক্ষণিক মামলা না নেয়ায় হবিগঞ্জ সদর থানার এসআই রাজকুমারকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকার ব্যবসায়ী আব্দুল আলীর পুত্র শাহ আলমের বাসা থেকে বুধবার সকালে কে বা কারা মোবাইল চুরি করে নিয়ে যায়। মোবাইল চুরির ঘটনায় ওই দিন সকাল ১০টার দিকে একই এলাকার আব্দুল খালেকের পুত্র রনি মিয়া (১২), তার ফুফাতো ভাই রুবেল মিয়া (১৩) ও তার বন্ধু মাহিন মিয়াকে (১০) সন্দেহজনকভাবে আটক করে নিজের বাসায় নিয়ে যায় শাহ আলম।
এ সময় মোবাইল চুরির স্বীকারোক্তি নেয়ার জন্য শাহ আলম ও তাদের সহযোগীরা তাদের হাত-পা বেধে বেধড়ক মারপিট করে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, এ ঘটনা আপস নিষ্পত্তি হয়ে গেছে মর্মে এসআই রাজ কুমার মামলা না নিয়ে শিশুদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন। তবে নির্যাতনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না নেয়ায় এসআই রাজকুমারকে প্রত্যাহার করা হয়েছে।