News71.com
 Bangladesh
 29 Jul 16, 01:37 PM
 423           
 0
 29 Jul 16, 01:37 PM

আজ বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে বাঘের অস্থিত্ব বিপন্ন, বিলপ্তির পথে...

আজ বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে বাঘের অস্থিত্ব বিপন্ন, বিলপ্তির পথে...

নিউজ ডেস্কঃ আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাংলাদেশে গত ২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সর্বশেষ ২০১৫ সালের ২৬ জুলাই প্রকাশিত ক্যামেরা পদ্ধতিতে বাঘ গণনার জরিপ অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কমে এখন এখন দাঁড়িয়েছে ১০৯টিতে।

অথচ ২০০৪ সালে বন বিভাগ এনএনডিপির সহায়তায় প্রথম বারের মতো বাঘের পায়ের ছাপ গুণে বাঘের সংখ্যা নির্ধারন করেছিল ৪৪০ টি। দু’বছর পর ২০০৬ সালে ক্যামেরা পদ্ধতিতে বাঘ গণনা করে এর সংখ্যা নির্ধারন করে ২০০টি। গত ১১ বছরে বাঘের সংখ্যা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে।

রাশিয়ার সেন্টপিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব বাঘ সম্মেলনে আগামি ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমেই চলেছে। এই অবস্থার মধ্যে আজ সুন্দরবন সন্নিহিত জেলাগুলোসহ সরকারি ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সভা, সমাবেশ, র্যা লিসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে।

বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার টিকে আছে এমন ১৩ টি দেশে বিশ্ব বাঘ দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশে বাঘের প্রকৃত আবাস বলতে বোঝায় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে।

বর্তমানে এ বনের  উজানে ফারাক্কা বাঁধের কারনে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হবার ফলে নদ-নদীর পানিতে লবণের পরিমান বেড়েই চলেছে। সেজন্য বন থেকে হারিয়ে যাচ্ছে সুন্দরী, গোলপাতাসহ অনেক ধরনের গাছপালা। উষ্ণতা, মানুষের উপস্থিতি, লবণ জলের আধিক্য, বন-জঙ্গল উজাড় হয়ে যাওয়ার কারণে করুণ অবস্থা সুন্দরবনের পাহারাদার বাঘের।

তাপমাত্রা হেরফেরে মৌসুমি বায়ু নির্দিষ্ট সময়ে সক্রিয় হচ্ছে না। সময়ে বৃষ্টি হচ্ছে না পরিমাণ মতো। আবার কখনও কখনও অসময়ে বৃষ্টি হচ্ছে পরিমাণের চেয়ে ঢের বেশি, যার প্রভাবে সুন্দরবনের গাছ মরছে। এছাড়া গঙ্গা অববাহিকার যে মিষ্টি জল গড়াই ধরে সুন্দরবনে ছড়িয়ে পড়ত তা আবশ্যিক সময়ে না পাওয়ায় এ বনের জলে লবণের মাত্রা হঠাৎ করে বেড়ে গিয়ে বিপর্যয় ঘটাচ্ছে বন পরিবেশের সব পর্যায়ে।

যার প্রভাবে বৃক্ষ-তরুলতা, মাছ, জলজ অন্যান্য প্রাণী, কীটপতঙ্গ, পশুপাখি ও সুন্দরবনের পাহারাদার প্রকৃত পাহারাদার রয়েল বেঙ্গল টাইগারের জীবনযাত্রায় অস্বাভাবিক অস্থিরতা এসেছে।   

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: সাইদুল ইসলাম জানান, ২০১৫ সালের সর্বশেষ ক্যামেরা জরিপে বর্তমানে সুন্দরবনে ১০৯টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। গত ১২ বছরে চোরা শিকারীসহ বিভিন্ন কারণে সুন্দরবনের ১৭টি বাঘ মারা গেছে। পরিবেশবিদদের হিসাব মতে এর সংখ্যা ৩০টি।

২০০১ সাল থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত ৩০ টি বাঘের মৃত্যু হয়েছে যার মধ্যে ১৬টি পূর্ব সুন্দরবনে আর ১৪টি পশ্চিম বিভাগে মারা যায়। তবে আশার কথা হচ্ছে গত এক মাস ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় একাধিক বাচ্চাসহ বাঘিনীদের ঘুরতে দেখা যাচ্ছে।

বাঘ রক্ষায় সরকার ইতিমধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংশোধন করে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যায় সর্বোচ শাস্তি ১২ বছরের কারাদন্ড ও বন্যপ্রাণীর আক্রমণে মানুষ নিহত  হলে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা এবং আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেয়ার বিধান করেছে। 

বিশেষজ্ঞদের মতে দেশে যে পরিমাণ বাঘই থাকুক না কেন দ্রুত এর সংখ্যা কমতে শুরু করেছে। এর কারণ হিসেবে তারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে ধ্বংস হওয়া এলাকায় নতুন বসতি গড়ে উঠছে।

এতে বনের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যাও বাড়ছে। আর এ কারণে বাঘের স্বাভাবিক চলাচলের স্থান ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। আবার ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর হঠাৎ করে বাঘ লোকালয়ে ঢুকে পড়ার সংখ্যা বেড়ে গেছে। কারণ, সিডর ও আইলায় নদীর নাব্যতা কমে যাওয়ায় জোয়ারের পানি বনের ভেতর প্রবেশ করে আর বের হতে পারছে না। এতে বনের মিষ্টিপানির পুকুরগুলো লোনাপানিতে ভরে যাওয়ায় বাঘ মিষ্টিপানির আশায় লোকালয়ে প্রবেশ করছে।

বন বিভাগের হিসাব অনুযায়ী ২০০১ সালের ২০ নভেম্বর শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় ১টি স্ত্রী বাঘ ও একই বছরের ১২ ডিসেম্বর চাঁদপাই সদর রেঞ্জ এলাকায় ১টি পুরুষ বাঘ ও ২০০৫ সালের ২৬ অক্টোবর একই রেঞ্জের বলেশ্বর নদীর পাড় সংলগ্ন বন থেকে ৩টি মৃত বাঘ উদ্ধার করা হয়। বাধর্ক্য জনিত কারণে বাঘগুলোর মৃত্যু হয়েছিল।

২০০৭ সালের ২মে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া টহল ফাঁড়ির পুকুর পাড় থেকে ১ টি মৃত বাঘ উদ্ধার করা হয় ও ১৬ নভেম্বর চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের ঘাঘরামারী ক্যাম্প এলাকা থেকে ১টি সিডরের আঘাতে মারা যাওয়া বাঘকে উদ্ধার করা হয়।

২০০২ সালের ৯ সেপ্টম্বর চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ি এলাকায় ১টি পুরুষ বাঘকে দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করে, ২০০৩ সালের ২৮ মে চাঁদপাই রেঞ্জের নলবুনিয়া গ্রামে, ১৯ অক্টোবর শরণখোলা রেঞ্জের চালিতাবুনিয়া গ্রামে, ২১ ডিসেম্বর চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া গ্রামে ও ২০০৯ সালে ২ জুলাই শরণখোলা রেঞ্জের রাজাপুর গ্রামে লোকালয়ে ঢুকে পড়লে গনপিটুনিতে মারা যায়  ৪টি  বাঘ।

আন্তর্জাতিক বাজারে রয়েল বেঙ্গল টাইগারের চামড়ার চড়া মূল্য থাকায় এখন চোরাকারবারিদের টার্গেটে পরিণত হয়েছে সুন্দরবনের বাঘ। ১৯৮০ থেকে বাঘের চামড়া সংগ্রহ শুরু হওয়ার পর বিদেশে এর চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয় সূত্র জানায়, সুন্দরবনের চারটি রেঞ্জ সংলগ্ন গ্রামগুলোয় একাধিক সংঘবদ্ধ বাঘ শিকারী দল রয়েছে। এদের অবস্থান বরগুনা জেলার পাথরঘাটার চরদুয়ানী, সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা, রামপাল, মংলা, মোরেলগঞ্জ, পশ্চিম বিভাগের সাতক্ষীরা জেলার আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, খুলনা জেলার পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলায়।

বাঘ শিকারীরা জেলে সেজে বন বিভাগের অনুমতি নিয়ে বনে যায়। এরপর খাদ্যে বিষ মিশিয়ে, ফাঁদ পেতে, বন্দুক দিয়ে গুলি করে বাঘ হত্যা করে। বাঘ শিকারীরা বাঘ হত্যার পর স্থানীয় পদ্ধতিতে বাঘের চামড়া সংরক্ষণ করে। পরে তা পাচারকারী চক্রের সাহায্যে বিদেশে পাচার হয়। স্থানীয়ভাবে একটি চামড়ার জন্য শিকারিরা দুই থেকে আড়াই লাখ টাকা পেলেও বিদেশের চোরা বাজারে একটি চামড়া ১০ লাখ টাকায় বিক্রি হয় বলে জানা গেছে।

২০০৮ সালের ২৫ আগস্ট শরণখোলা রেঞ্জের কাঁঠালতলার বেলায়েত হোসেনের বাড়ি থেকে ১টি ও ২০০৬ সালের ২ নভেম্বর শরণখোলা এলাকার নুরুজ্জামানের বাড়ি থেকে ১টি বাঘের চামড়া উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন