News71.com
 Bangladesh
 29 Jul 16, 06:56 PM
 425           
 0
 29 Jul 16, 06:56 PM

উপাচার্যকে হুমকির প্রতিবাদে চট্টগ্রাম নগরের মানববন্ধন।।

উপাচার্যকে হুমকির প্রতিবাদে চট্টগ্রাম নগরের মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ শুক্রবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে যোগ দেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সমাবেশে বক্তারা বলেন, অনুপম সেন শিক্ষার প্রসার, গবেষণা ও মানবসেবায় সারা জীবন ব্যয় করেছেন। তিনি মানুষের কথা বলেছেন। অশুভ শক্তির সঙ্গে আপস করেননি। তার মতো ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ন্যক্কারজনক। যারা এ কাজ করেছে, তারা কাপুরুষ।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন অনিল কান্তি ধর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ও প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন অনুপম সেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন