
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জড়িত দুইজনের ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে লাখ টাকা করে পুরষ্কার ঘোষণা করেছে রাজশাহী মহানগর পুলিশ। আজ শুক্রবার ইত্তেফাকসহ দুইটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বাগামারা শ্রীপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ ও পঞ্চগড়ের দেবীধস থানার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্নার ছেলে নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট পলাতক আসামি। এদের সর্ম্পকে তথ্যদাতাদের রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা পুরষ্কার প্রদান করা হবে। তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছে সে। গত ৪ জুলাই শরিফুলের সন্ধান চেয়ে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছে তার বাবা। অপরদিকে নজরুলের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে পলাতক শরিফুল ও নজরুলের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তারা দুজনই জেএমবির সদস্য। এ মামলায় গ্রেপ্তার থাকা এক জেএমবি সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তাদের সংশ্লিষ্টতার কথা জানান।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহনগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রাবি শিক্ষার্থী হাফিজুর নামে এক শিবিরকর্মী পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা যান।