News71.com
 Bangladesh
 29 Jul 16, 07:46 PM
 341           
 0
 29 Jul 16, 07:46 PM

বোমা ফাটিয়ে, কুপিয়ে ৪০ লাখ টাকা ছিনতাই

বোমা ফাটিয়ে, কুপিয়ে ৪০ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক: পিরোজপুরের কাউখালী উপজেলায় ২ জন ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। আজ শুক্রবার দুপুরে আশ্রম সড়কে এই ঘটনা ঘটে বলে জানান কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন। এই ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অসীম কুণ্ডু (৫৫) এবং বরিশালের বানারীপাড়ার বাবুল সাহা (৫০)।

জানা গেছে, তারা মনোহারী সামগ্রী এলাকায় বিভিন্ন দোকানে সরবরাহ করেন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কাউখালী থানার ওসি বলেন, দুই জন ব্যবসায়ী এলাকা থেকে সংগ্রহ করা প্রায় ৪০ লক্ষ টাকা নিয়ে স্বরূপকাঠি বন্দরের যাওয়ার জন্য বের হন। আজ বেলা ২টার দিকে আশ্রম সড়কে দুইটি মোটরসাইকেলে আসা ৬ জন যুবক তাদের গতিরোধ করে হাতবোমা ফাটায় এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় বাধা দিলে ছিনতাইকারীরা দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ মহাজন নাম ১জনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন