
নিউজ ডেস্ক: দিনাজপুর শহরে ১৯টি ককটেলসহ ৩ জন যুবককে আটক করেছে টহল পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ এলাকায় রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার ডাংগুলিতা গ্রামের মোঃ আমজাদ হোসেন মোড়লের ছেলে মোঃ মনিরুজ্জামান ওরফে মনির (৩০), দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ী গ্রামের আখতারা বাজার এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ আসাদুজ্জামান (২৪) এবং ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দানারহাট গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (২২)।
কোতয়ালী থানার ওসি মোঃ রেদওয়ানুর রহিম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদের সামনে টহলরত পুলিশ মোটরসাইকেল আরোহী ৩ যুবককে থামার নির্দেশ দেয়। এসময় যুবককেরা নির্দেশ অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ১৯টি ককটেল, ৩ কৌটা গান পাউডার সদৃশ্য বস্তু, ৫টি মোবাইল, কাপড়ের ৩টি মুখোস-টুপি, জিহাদী বই ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ৩ যুবক নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের প্রকৃত সাংগঠনিক তথ্য জানা যাবে।